মিনার মনসুরের কবিতা ও উপন্যাস

February 02, 2017

বইমেলায় মিনার মনসুরের কবিতা ও উপন্যাস


 অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হচ্ছে সত্তরের অন্যতম কবি মিনার মনসুরের নির্বাচিত কবিতা। একেবারেই স্বতন্ত্র তাঁর কন্ঠস্বর। প্রেম ও দ্রোহ, সহজতা ও সুদূরতা, অস্তিত্ব ও অস্তিত্বহীনতা এবং মৃত্যু ও মৃত্যুহীনতা হাত ধরাধরি করে চলে মিনার মনসুরের কবিতায়। তবে প্রায়শ সবকিছুকে ছাপিয়ে ওঠে পৃথিবীর প্রতিটি প্রাণ ও ধূলিকণার জন্যে অনন্য এক মমত্ববোধ। ভিন্ন স্বরের এ কবির আটটি কাব্যগ্রন্থ থেকে বাছাইকৃত কবিতার সংকলন Ôনির্বাচিত কবিতা’।

গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০১৬’র বইমেলায়। মাত্র ছয়মাসের মধ্যে তা নিঃশেষিত হয়েছে। এবার পাঞ্জেরী পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে বইটি।

এছ্ড়্ অ্যাডর্ন পাবলিকেশন থেকে বের হচ্ছে মিনার মনসুরের উপন্যাস ‘অতল জলের টানে’। নিঃসঙ্গের এ কবির অন্য রকম এক ভ্রমণ- ‘অতল জলের টানে’। একটি প্রায় উপন্যাস এবং দুটি গল্প নিয়ে তৈরি এ ভুবন। কথার মহাসমুদ্রে নবীন নাবিক হিসেবে কবির এ অভিযাত্রাকে দুঃসাহসিকও বলা চলে।

তাঁর ভাষা তাঁর হৃদয় সবই কবির। নিজের উপন্যাস নিয়ে মিনার মনসুর পরিবর্তন ডটকমকে বলেন- প্রাজ্ঞ পাঠককে, ক্ষণকালের জন্য হলেও থমকে দাঁড়াতে হবে। গত চার দশকের চেনা মিনার মনসুর নং, মুখোমুখি হতে হবে নতুন এক পরিব্রাজকের। আর যেখানে তিনি পাঠককে নিয়ে যাবেন- কুয়াশাবৃত সেই জগৎটিও অনেকটা অনাঘ্রাতই বলা যায়। ঠিক মুগ্ধতা নয়; নেই টানটান কোনো উত্তেজনার শিহরণও- তারপরও দূরের কোনো বাঁশির কুহক পাঠককে জাগিয়ে রাখবে।

মিনার মনসুরের লেখালেখির শুরু সত্তরের দ্বিতীয়ার্ধে। মূলত তিনি কবি। যুক্ত ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে। ছিলেন পঁচাত্তরের ঘাতক ও জান্তাবিরোধী মিছিলের পুরোভাগে। জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে, চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পাস করেছেন। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক। লিখছেন গত প্রায় চার দশক ধরে। স্বৈরাচারের রোষানলে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩)। গদ্যেও সমান দ্যুতিময় তাঁর কলম। কবিতা ও গদ্য মিলিয়ে প্রকাশিত হয়েছে বেশকিছু গ্রন্থ। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩); ‘অনন্তের দিনরাত্রি’ (১৯৮৬); ‘অবিনশ্বর মানুষ’ (১৯৮৯); ‘আমার আকাশ’ (১৯৯১), ‘জলের অতিথি’ (১৯৯৪); কবিতাসংগ্রহ (২০০১); ‘মিনার মনসুরের দ্রোহের কবিতা’ (২০১৩) এবং ‘হেলাফেলার ছড়া’ (১৯৮৯)।

Powered by Blogger.