৫টি কার্যকরী উপায়ে দূর করুন মোশন সিকনেস/ভ্রমনে অসুস্থতা

February 07, 2017

৫টি কার্যকরী উপায়ে দূর করুন মোশন সিকনেস


ভ্রমণের সময় অনেকের বমি হওয়ার অভ্যাস আছে। আবার অনেকের বমি বমি ভাব হয়ে থাকে কিংবা মাথা ঘোরে। এই অসুস্থতাকে মোশন সিকনেস বলা হয়। এই অনুভূতিটি খুবই বিরক্তিকর এবং অস্বস্তিকর। এই সমস্যার কারণে অনেকেই দূরে ভ্রমণ করতে ভয় পান। গাড়ির গতি কানের অভ্যন্তরীণ ভেসটিবুলার অংশে যে তরল থাকে তা নাড়িয়ে দিয়ে থাকে। যার কারণে বমি বমি ভাবের সৃষ্টি হয়। এই বমি ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে বমির ওষুধ খেয়ে থাকেন। ওষুধ খাওয়ার পরিবর্তে ঘরোয়া কিছু উপায়ে দূর করে ফেলতে পারেন বমি বমি ভাব। জেনে নিন এই অস্বস্তিকর বমি বমি ভাব দূর করার উপায়।

১। আদা


বমি বমি ভাব দূর করার জন্য আদা বেশ কার্যকর একটি উপায়। দুই কাপ পানিতে কয়েক টুকরো আদা দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। এরসাথে এক চা চামচ মধু মেশাতে পারেন। ভ্রমণের আধা ঘন্টা আগে এটি পান করুন। এছাড়া এক চা চামচ আদার রস এবং লেবুর রস একসাথে মিশিয়ে পান করতে পারেন। এছাড়া শুধু আদাকুচি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন।

২। লেবু


ভ্রমণে বমি বমি ভাব দূর করতে লেবু বেশ কার্যকর। এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবুর রস এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন। ভ্রমণে আগে এবং ভ্রমণের মাঝে এটি পান করুন। এছাড়া ভাত সেদ্ধ করার পর সেই পানির সাথে লেবুর রস এবং এক চিমটি লবণ মিশিয়ে পান করতে পারেন।

৩। অ্যাপেল সাইডার ভিনেগার


দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক টেবিল চামচ মধু এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। ভ্রমণের আধাঘণ্টা আগে এটি ধীরে ধীরে পান করুন। এটি আপনার পাকস্থলিকে সুস্থ করে বমি বমিভাব দূর করে থাকে। আপনার যদি ভ্রমণের সময় বমি চলে আসে তবে আধা কাপ পানিতে এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। এটি সাথে সাথে আপনার বমি বমি ভাব প্রতিরোধ করবে।

৪। যষ্টিমধু


যষ্টিমধু আপনার বমি বমি ভাব দূর করে দিতে সাহায্য করে থাকে। এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বমি বমি ভাব দূর করে ক্লান্তি দূর করে থাকে। আধা গ্লাস পানির মধ্যে এক চা চামচ যষ্টিমধু মিশিয়ে জ্বাল দিন। পাঁচ মিনিট জ্বাল দিন। তারপর ছেঁকে এটি ভ্রমণের আগে পান করে নিন। ভ্রমণের সময় বমি বমি ভাব রোধে আপনি কিছুটা যুষ্টিমধু মুখে দিয়ে রাখতে পারেন।

৫। সবুজ আপেল


সবুজ আপেলের পেকটিন নামক উপাদান বমি বমি ভাব রোধ করতে বেশ কার্যকর। দুটি সবুজ আপেল রস করে নিন। এরসাথে এক চিমটি গোল মরিচের গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি ভ্রমণের আগে পান করুন। এমনকি এটি ভ্রমণে সাথে রাখতে পারেন। যখন অসুস্থতাবোধ করবেন তখন পান করে নিন।
Powered by Blogger.