নজরদারিতে গিয়ে আইএস জঙ্গিকে বিয়ে এফবিআই কর্মীর | blogkori
নজরদারিতে গিয়ে আইএস জঙ্গিকে বিয়ে এফবিআই কর্মীর
ইসলামিক স্টেট বা আইএস সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ২০১৪ সালে গোপন মিশনে সিরিয়ায় যাওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক কর্মী (অনুবাদক) আইএসের এক জঙ্গিকেই বিয়ে করে বসেন। জাতীয় নিরাপত্তাব্যবস্থা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ায় এ ঘটনা কখনোই প্রচারের আলোয় আসতে দেওয়া হয়নি।
আইএসের একজন জার্মান সদস্যের ওপর নজরদারি করতে ড্যানিয়েলা গ্রিনকে দায়িত্ব দিয়েছিল এফবিআই। কিন্তু তিনি সেই কাজ করতে গিয়ে একপর্যায়ে ওই জঙ্গিরই প্রেমে পড়ে যান এবং তাঁকে বিয়ে করতে গোপনে সিরিয়ায় পাড়ি দেন। মার্কিন সংবাদবিষয়ক চ্যানেল সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ওই জঙ্গির নাম ডেনিস কুসপার্ট। সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন র্যাপ গানের শিল্পী। জার্মানির বন শহরে গান গাইতেন ডেসো ডগ নামে। সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পর তাঁর নাম হয় আবু তালহা আল-আলমানি।
ফেডারেল কোর্টের তথ্যের বরাত দিয়ে সিএনএনর প্রতিবেদনে বলা হয়, ড্যানিয়েলা গ্রিন নিজের ভ্রমণ নিয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দেন এবং তিনি তাঁর নতুন স্বামীকে এফবিআইয়ের নজরদারির বিষয়ে সতর্ক করেন।
অনলাইনে আইএসের সমর্থনে ডেনিস কুসপার্টের উদ্দীপ্ত বক্তৃতায় আকৃষ্ট হয়ে অনেকে আইএসে যোগ দিচ্ছে। যে কারণে দুটি মহাদেশের সন্ত্রাস-দমন কর্তৃপক্ষ তাঁর ওপর নজরদারি শুরু করে।
সিএনএন জানায়, কুসপার্টকে বিয়ের কয়েক সপ্তাহ পর গ্রিন (৩৮) বুঝতে পারেন তিনি গুরুতর ভুল করেছেন। এরপর পালিয়ে যুক্তরাষ্ট্র চলে যান এবং সেখানে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে। কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় রাজি হওয়ায় এবং আন্তর্জাতিক সন্ত্রাসসহ মিথ্যা বিবৃতি দেওয়া নিয়ে দোষ স্বীকার করায় দুই বছরের কারাদণ্ড হয় গ্রিনের। গত গ্রীষ্মে গ্রিন কারাগার থেকে মুক্তি পান।
এএফপির খবরে বলা হয়, স্কাইপের মাধ্যমে ডেনিস কুসপার্টের সঙ্গে ড্যানিয়েলা গ্রিনের যোগাযোগ হতো। ৩৮ বছর বয়সী গ্রিনের জন্ম অধুনালুপ্ত চেকোস্লোভাকিয়ায়। তিনি একজন মার্কিন সেনাকে বিয়েও করেছিলেন। সে অবস্থায়ই সিরিয়া গিয়ে কুসপার্টকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই গ্রিন নিজের ভুল বুঝতে পারেন এবং আইএসের কবল থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করেন। মাস দু-একের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সেখানে গ্রেপ্তার হন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাধারণত সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত অন্যদের চেয়ে গ্রিনের দুই বছরের কারাদণ্ড কম শাস্তি হয়েছে। এমনকি আইএসে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়া রওনা হওয়ার পর সেখানে পৌঁছাতে ব্যর্থ হওয়া ব্যক্তিদেরও এর চেয়ে বেশি শাস্তি দেওয়া হয়।
বর্তমানে একটি হোটেলে অভ্যর্থনাকর্মী হিসেবে কাজ করছেন গ্রিন। নিজের মামলা নিয়ে কারও সঙ্গে বিস্তারিত আলোচনা করতে ভয় পান গ্রিন। তিনি সিএনএনকে বলেন, ‘যদি আমি আপনার সঙ্গে ওই বিষয়ে কথা বলি, তবে আমার পরিবার মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে।’
নিরাপত্তার জন্য গ্রিন বর্তমানে যুক্তরাষ্ট্রের কোথায় আছেন, সে বিষয়ে নিজেদের প্রতিবেদনে কোনো তথ্য দেয়নি সিএনএন। তাঁর ছবিও প্রকাশ করা হয়েছে ঝাপসা করে।
ড্যানিয়েলা গ্রিন
২০১১ সালে ড্যানিয়েলা গ্রিন ভাষাবিদ হিসেবে এফবিআইয়ে যোগ দেন
২০১৪ সালের জানুয়ারিতে এফবিআইয়ের ডেট্রয়েট ব্যুরোতে নিযুক্ত করা হয়
২০১৪ সালের জুনে সিরিয়া গিয়ে আইএস জঙ্গির সঙ্গে বিয়ে
ওই বছরের আগস্টে গ্রেপ্তার হন গ্রিন
২০১৪ সালের ডিসেম্বর গ্রিন দোষী সাব্যস্ত
২০১৬ সালের আগস্টে দুই বছর সাজা ভোগের পর কারাগার থেকে মুক্তি পান গ্রিন
